২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের অর্থ কেলেঙ্কারি বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদ এ সপ্তাহে

বিজিবি সদরদপ্তর পরিদর্শন ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটি। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিবি সদরদপ্তর পরিদর্শন ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত কমিটি। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার বিকেলে রেল ভবনে কমিটির প্রধান রেলের মহাপরিচালক আবু তাহের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “এ বিষয়ে বিজিবি সদরদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করেছে এবং তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।” “বিজিবি সদর দপ্তরে ঘটনার সময় যে সদস্যরা উপস্থিত ছিলেন তাদের এ সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হবে,” যোগ করেন আবু তাহের। গত ৯ এপ্রিল রাতে পিলখানায় বিজিবি ফটকে সুরঞ্জিতের এপিএস ফারুকের গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। ওই ঘটনার পর রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও ঢাকার কমান্ডেন্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়; চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদার। তবে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ফারুক শুরু থেকেই দাবি করে আসছেন, গাড়িতে পাওয়া অর্থ তার নিজের না; যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই অর্থ রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। গত ১৬ এপ্রিল ব্যক্তিগত সহকারীর ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সুরঞ্জিত সেনগুপ্ত। ঘটনা তদন্তে রেলের মহাপরিচালক আবু তাহেরকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হলেও পরবর্তীতে তা পাঁচ দিন বাড়ানো হয়। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে রোববার আবু তাহের বলেন, “তদন্তের অগ্রগতি সন্তোসজনক পর্যায়ে রয়েছে। আগামী ১৩ মে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব বলে আশা করছি।” গত ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হয়েছিল। পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ আবু তাহের জানান, এরই মধ্যে সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, রেলের নিরাপত্তা কর্মকর্তা ঢাকার কমান্ডেন্ট এনামুল হক, মৃধার গাড়ি চালক মোশাররফ ও দেহরক্ষী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। প্রয়োজনে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আরো কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানান তদন্ত কমিটির প্রধান। গাড়ি চালককে হাজিরের নির্দেশ এদিকে সোমবার সকাল ১০টায় তদন্ত কমিটির সামনে ফারুকের গাড়ি চালক আলী আজমকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আবু তাহের। তিনি বলেন, “তাকে রেল ভবনে উপস্থিত হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন ও তার বাড়ির ঠিকানায় চিঠি দেওয়া হয়েছে। তিনি সোমবার না এলে এ বিষয়ে পরবর্তী কি ব্যবস্থা নেওয়া যায় তা চিন্তা করা হবে।” অর্থ কেলেঙ্কারির ঘটনার দিন থেকেই আলী আজম নিখোঁজ রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৮৫৮ ঘ.