২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপিকর্মী নিহত, পাল্টাপাল্টি দোষারোপ

হরতালের আগের রাতে লক্ষ্মীপুর সদরে গুলিবিদ্ধ এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় একে অপরকে দোষারোপ করছে আওয়ামী লীগ ও বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

লক্ষ্মীপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগের রাতে লক্ষ্মীপুর সদরে গুলিবিদ্ধ এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় একে অপরকে দোষারোপ করছে আওয়ামী লীগ ও বিএনপি। নিহত পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম খোকন (৪৫) রশিদপুর গ্রামের মুকবুল আহমেদের ছেলে। শনিবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার পর খোকন হাসপাতালে মারা যান। রোববার সংবাদ সম্মেলন করে দুই দলের নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে হরতালের সমর্থনে পোদ্দার বাজারে বিএনপি ও জামায়াত একটি মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগের কর্মীরা মিছিলে গুলি চালালে খোকন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় গুলিবিদ্ধ জামায়াতকর্মী মোস্তাফা কামালকে (৫০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ও মিজানকে ঢাকায় পাঠানো হয়। সদর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, বিএনপি-জামায়াতের মিছিলে গুলি হলে খোকন গুরুতর আহত হয়। পরে তিনি হাসপাতালে মারা যান। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে খোকনকে দাফন করা হয়েছে। এদিকে রোববার বিকেলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের জন্য বশিকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদীকে দায়ী করা হয়। লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান হাছিব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, হারুনুর রশিদ বেপারি, মাঈনুদ্দিন চৌধুরী রিয়াজ, রেজাউল করিম লিটন, হারুনুর রশিদ প্রমুখ। অপরদিকে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিন বলেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে খোকনকে হত্যা করে আওয়ামী লীগকে দোষারোপ করছে। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বশিকপুর ইউপি চেয়ারম্যন আবুল কাশেম জেহাদী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিহত খোকন তার বন্ধু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/এএল/১৮২৭ ঘ.