ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও বিকাশে আগামী ৯ মে ঢাকায় তিন দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে।
‘কালচারাল ডাইভার্সিটি মিনিস্টারিয়াল ফোরাম অব এশিয়া-প্যাসিফিক রিজিওন, ২০১২’ নামের এ সম্মেলন বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শিক্ষা ও শিল্প-সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো যৌথভাবে আয়োজন করছে।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ রোববার বিকেলে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ৯ মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন উদ্বোধন করবেন।
এতে বাংলাদেশসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩১টি দেশের প্রতিনিধি অংশ নেওয়ার ব্যাপারে ইতোমধ্যে সম্মতি দিয়েছে। প্রত্যেকটি দেশ থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে।
এ সম্মেলন উপলক্ষে হোটেল রূপসী বাংলায় বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্রের ওপর প্রদর্শণীর আয়োজন করা হবে। এছাড়া শিল্পকলা একাডেমীতে দেশের বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। থাকবে ছয়টি বিষয়ের ওপর পৃথক অধিবেশন।
এ সম্মেলন আয়োজনে মোট প্রায় তিন কোটি ৫৫ লাখ টাকা ব্যয় হবে। এরমধ্যে ৩৮ হাজার মার্কিন ডলার দেবে ইউনেস্কো। বাকী অর্থের যোগান দেবে বাংলাদেশ সরকার।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব সুরাইয়া বেগম, প্রধান তথ্য কর্মকর্তা হারুন অর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৮০৪ ঘ.
bdnews24