২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন

হরতালের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে সরকার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

চাঁদপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের পর বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে সরকার সমর্থকরা। রোববার সকালে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ হরতালকারী পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলছে। এর মধ্যে হাজীগঞ্জে হরতালকারী ও হরতালবিরোধীদের সংঘাত বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব-উল-আল লিপনের নেতৃত্বে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার যাওয়ার সময় পিকেটাররা মিছিলে ঢিল ছোড়ে। এরপরেই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। একপর্যায়ে ছাত্রলীগকর্মীরা উপজেলার পশ্চিম বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে গিয়ে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয় বলে বিএনপি নেতারা জানান। পরে অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মীরা আগুন নেভায়। এদিকে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পূর্ববাজার বড়পুল এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তখন পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৩৬ ঘ.