সিলেট, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফা হরতালের প্রথম দিন সিলেটে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
নগরীতে বিচ্ছিন্নভাবে চলছে রিকশা ও হালকা যান। দূর পাল্লার কোন বাস ছেড়ে না গেলেও ট্রেন চলাচল সকাল থেকে স্বাভাবিক।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রোববার নির্দিষ্ট সময়ে সিলেট থেকে ট্রেন ছেড়ে গেছে।
সকাল পৌনে ৯টার দিকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে একটি মিছিল বের করা হয়। নগরীর জেল রোড থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এর পর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আকেটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।
গত তিনদিন হরতালে মিছিল করতে পুলিশ বাধা দিলেও এবার তাদের বাধা দিতে দেখা যায়নি।
নগরীর আম্বরখানা, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সিটি পয়েন্টসহ নগরীর সব কয়টি পয়েন্টে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি রয়েছে বিজিবির টহল।
প্রথম দফা হরতালের তিনদিন ইলিয়াস আলীর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে উত্তাপ ছড়ালেও রোববার সেখানেও শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গত সোমবার বিশ্বনাথে পুলিশের সঙ্গে বিএনপি ও গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহত হন। এর পর ৮ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়।
বিজিবি সদস্যরা বিশ্বনাথের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিচ্ছে বলে জানিয়েছেন বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শফিউল আযম।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী জানান, হরতালে এখন পর্যন্ত কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।
এছাড়া সিলেটের ১২ উপজেলাতেও শান্তিপূর্ণভাবে হরতাল চলছে বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর সোমবারও দিনব্যাপী হরতাল ডেকেছে বিরোধী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৩১ ঘ.
bdnews24