সাভার, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গ্রেপ্তার ডাকাতদের তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে সাভার থেকে একটি বিদেশি রিভলবারসহ বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে সাভারের নয়াবাড়ী মহল্লার একটি বাড়ী থেকে এসব অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
এ সময় ৮টি হাত বোমা, একটি বিদেশি (বার্মিজ) রিভলবার, একটি চাপাতি ও কিছু ছোরা উদ্ধার করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অস্ত্রসহ আটক তিন ডাকাতের দেওয়া তথ্যমতে ওই অভিযান চালানো হয়।
শুক্রবার বেলা আড়াইটার দিকে গাবতলী থেকে একটি চোরাই মাইক্রোবাসসহ সাঈদ, বিপ্লব ও অলি হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি রিভলবার, ৬টি হাত বোমা ও ১৪ রাউন্ড গুলি পাওয়া যায়। সে সময় তারা বনানী এলাকায় একটি রড সিমেন্টর দোকানে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান পরিদর্শক সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএইচ/০০২৬ ঘ.
bdnews24