২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির অভাবে রংপুর মেডিকেলে অস্ত্রোপচার বন্ধ

তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার রোগী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

লিয়াকত আলী বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রংপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাম্প বিকল হয়ে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রায় দুই হাজার রোগী। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. গোলাম মোস্তফা জানান, পানির অভাবে শনিবার কোনো অস্ত্রোপচার করাও সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিন দিন আগে পানির পাম্পটি বিকল হয়ে যাওয়ার পর বিষয়টি গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়। কিন্তু তারা এখন পর্যন্ত কোনো উদ্যেগ নেননি।” রংপুর বিভাগের সর্ববৃহৎ চিকিৎসা কেন্দ্রে এই মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে প্রায় দুই হাজার রোগী ভর্তি রয়েছেন বলে জানান তিনি। হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনরা জানান, পানির অভাবে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। টয়লেটগুলোর দুর্গন্ধে ওয়ার্ডে টেকাও দায় হয়ে পড়েছে। হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা একটি টিউবওয়েলই এখন রোগীর স্বজনদের পানি সংগ্রহের একমাত্র ভরসা। সেখান থেকেই তারা লাইন ধরে পানি নিচ্ছেন। রংপুর মেডিকেলে পানি সরবরাহের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, বৈদ্যুতিক গোলোযোগের কারণে তিন দিন আগে পাম্পটি বিকল হয়ে যায়। “পাম্প মেশিনটি সচল করার চেষ্টা চলছে। তবে এজন্য আরো কয়েকদিন সময় লাগতে পারে”, বলেন তিনি। আপাতত বিকল্প উপায়ে ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ করার কোনো উপায় নেই বলেও জানান এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/২০৫০ ঘ.