২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে এইচএসসি পরীক্ষাও পেছালো

বিএনপির হরতালের কারণে রবি ও সোমবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের কারণে রবি ও সোমবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিকালে হরতালের কর্মসূচি আসার পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।” তিনি জানান, এইচএসসিতে আট শিক্ষা বোর্ডের অধীনে রোববার যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো আগামী ৪ মে শুক্রবার হবে। আর সোমবারের পরীক্ষা হবে ৫ মে শনিবার। এমনিতে সকালের পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও শুক্রবার সকালের পরীক্ষা হবে সাড়ে ৯টায়। এছাড়া শুক্রবার বিকাল ও শনিবারের পরীক্ষা সাধারণ সময়েই হবে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রোববারের স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষার আগামী ৪ মে (সকাল সাড়ে ৯টা ও দুপুর ২টা) হবে। সোমবার এ বোর্ডের কোনো পরীক্ষা নেই। এছাড়া কারিগরি বোর্ডের অধীনেও রবি ও সোমবারের পরীক্ষাগুলো ৪ ও ৫ মে হবে বলে বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে এর আগে গত ২২ থেকে ২৪ এপ্রিল তিন দিন সারা দেশে হরতাল করে বিএনপি। এছাড়া ২০ এপ্রিল ইলিয়াসের নির্বাচনী এলাকা সিলেটের চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল হয়। এ কারণে ওই দিনগুলোর পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। পরীক্ষার মধ্যে বিরোধী দলের এই হরতালের সমালোচনা করে আসছে সরকার। পরীক্ষার মধ্যে হরতাল না দিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বিরোধী দলের প্রতি অনুরোধ রেখেছিলেন। গত ১ এপ্রিল থেকে সারা দেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা চলছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৮১৫ ঘ.