২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের ঘোষণা ‘নন-এমপিও’ শিক্ষক-কর্মচারীদের

সরকারি আর্থিক অনুদান না পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৩১ মের মধ্যে এমপিওভুক্ত করা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি আর্থিক অনুদান না পাওয়া (নন-এমপিও) শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ৩১ মের মধ্যে এমপিওভুক্ত করা না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ইব্রাহিম খলিল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এর আগে ১৬ মে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে স্মারকলিপিও দেবে ঐক্যজোট। ইব্রাহিম খলিল সংবাদ সম্মেলনে বলেন, দেশে বর্তমানে সরকারিভাবে পাঠদানের স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার ‘নন-এমপিও’ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে প্রায় এক লাখ শিক্ষক ও কর্মচারী এবং ২৫ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। “এমপিওভুক্তির দাবি নিয়ে ২০০৬ সালে আমরা আন্দোলন শুরুর পর তৎকালীন জোট সরকার চার হাজার প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার আশ্বাস দেয়। কিন্তু তারা কার্যতঃ মাত্র আটটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে”, বলেন তিনি। বর্তমান সরকারের মেয়াদে এক হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও ২০১০-১১ অর্থবছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিও পায়নি বলে জানান ঐক্যজোটের আহ্বায়ক। তিনি বলেন, “এতে নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা হতাশ। ১০ থেকে ২০ বছর বেতন ছাড়া কর্মরত এ শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।” শিক্ষক-কর্মচারীরা লাগাতার কর্মসূচি শুরুর আগেই ‘নন-এমপিও’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান খলিল। অন্যদের মধ্যে ঐক্যজোটের যুগ্ম-আহ্বায়ক ইসারত আলী ও আশরাফ উদ্দিন ভূঁইয়া সায়েম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬৫২ ঘ.