২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতার সন্ধান চাইলো পরিবার

গত ২৫ দিন ধরে ‘নিখোঁজ’ সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের সন্ধান চেয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 09:28 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

সিলেট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ২৫ দিন ধরে ‘নিখোঁজ’ সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের সন্ধান চেয়েছে তার পরিবার। এই দাবিতে শনিবার সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন দিনারের পরিবারের সদস্যরা। দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ, মা পারভিন বেগম, স্ত্রী প্রিসিলা পারভিন, মেয়ে মায়িশা, ছেলে রাইয়ান, দিনারের বড় ভাই ইশফাক আহমদ, ছোট ভাই ইশমাম আহমদসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন। মঈন উদ্দিন আহমদ বলেন, ২৫ দিন পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনারের কোনো খোঁজ দিতে পারছেন না। দিনারকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। গত ৬ এপ্রিল সিলেটে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা অভিযোগ করেন, ৩ এপ্রিল বিকেলে রাজধানীর উত্তরা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা দিনারকে ধরে নিয়ে যায়। এ সময় দিনারের সঙ্গে থাকা ছাত্রদল কর্মী জুনায়েদকেও পাওয়া যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫২০ ঘ.