২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত, সাংসদের বিরুদ্ধে মামলা

খুলনার দাকোপ উপজেলার এক নারী ভাইস চেয়ারম্যানকে মারধরের অভিযোগে সাংসদ ননী গোপাল মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

খুলনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলার এক নারী ভাইস চেয়ারম্যানকে মারধরের অভিযোগে সাংসদ ননী গোপাল মণ্ডলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শওকত হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন দাকোপ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার। আদালত আবেদন গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদী জানিয়েছেন। অপর আসামিরা হলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সনৎ কুমার হুই বাচ্চু, শ্যাম সুন্দর মণ্ডল, মাখন চক্রবর্তী, দেবদাস মণ্ডল ও অচিন্ত্য সাহা। মামলার নথি থেকে জানা গেছে, গত ১৩ এপ্রিল দাকোপের শিংজোড়া গ্রামে চড়ক পূজার আয়োজন করা হয়। সাংসদকে নিমন্ত্রণ না করায় তিনি আয়্কে কমিটিপর উপর ক্ষিপ্ত হন। এর জেরে ওইদিন বিকালে আসামিরা পূজা মণ্ডপে গিয়ে হামলা করেন। সাংসদ ননীসহ অন্যরা জয়ন্তীকে মারধর করেন এবং তার গলার সোনার চেইন, কানের দুল ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। আহত জয়ন্তীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে ননী গোপাল মণ্ডল জানান, তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৪৪ ঘ.