২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস ‘নিখোঁজ’: সংসদীয় কমিটিতে ‘নীরব’ স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী প্রসঙ্গে সংসদীয় কমিটির বৈঠকে ‘নীরব’ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী প্রসঙ্গে সংসদীয় কমিটির বৈঠকে ‘নীরব’ ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার তদন্তাধীন বিষয়ে ‘আলোচনা করা যায় কি না’ এমন কথা বললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উল্লেখ করেন বিএনপি নেতাকে উদ্ধারে ‘সর্বাত্মক প্রচেষ্টা’ চলছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু। কমিটির সভাপতি আব্দুস সালাম বৈঠকে সভাপতিত্ব করেন। মুজিবুল হক বলেন, “বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়টি বৈঠকে আলোচনায় উঠলে বিষয়টি তদন্তাধীন বলে উল্লেখ করেন পুলিশের মহাপরিদর্শক।” “তিনি প্রশ্ন তোলেন, এ নিয়ে আলোচনা করা যায় কি না।” সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকের শেষ দিকে কমিটির সভাপতিসহ অন্য সদস্যরা ইলিয়াস আলী নিখোঁজ, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অন্যান্য আলোচিত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। এক পর্যায়ে সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক থেকে বাইরে চলে যেতে বলা হয়। বৈঠকে তার বক্তব্য প্রসঙ্গে মুজিবুল হক সাংবাদিকদের বলেন, “সংসদে সব বিষয় নিয়ে কথা বলা যাবে। এখানে তদন্তাধীন বা বিচারাধীন বিষয় বলে কিছু নেই। সংসদে আলোচনার বিষয় নিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। “কিছু বিষয় আছে যেগুলো কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনায় সমস্যা থাকে, সেটা ভিন্ন বিষয়।” স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৈঠকে ‘নীরব’ ছিলেন বলে উল্লেখ করেন কমিটির সদস্য মুজিবুল হক। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইলিয়াস আলীকে উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে ইলিয়াস ও তার গাড়ির চালক আনসারী আলী নিখোঁজ- এ অভিযোগে ইলিয়াসের স্ত্রী থানায় জিডি এবং হাই কোর্টে রিট করেছেন। ওই রাতেই বিএনপি নেতার গাড়িটি তার বনানীর বাসার কাছে আমতলী থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ইলিয়াসের সন্ধান দাবি করে চলতি সপ্তাহের শুরুতে তিন দিন হরতাল করে আগামী শনিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছে বিএনপি। এর মধ্যে তার খোঁজ পাওয়া না গেলে আবারো হরতালের ইঙ্গিতও দিয়েছে দলটি। সরকার হরতাল না করার আহ্বান জানিয়ে ইলিয়াসকে খুঁজে বের করায় বিরোধী দলের সাহায্য চেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৬ ঘ.