২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী নির্যাতনকারী ব্যারিস্টার কারাগারে

স্ত্রী নির্যাতনের দায়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চাঁদপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী নির্যাতনের দায়ে ১২ বছরের সাজাপ্রাপ্ত এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডিত ব্যারিস্টার মো. জহির উদ্দিন বাবর শহরের পূর্ব শ্রীরামদী এলাকার বাসিন্দা। তিনি চাঁদপুর জজ আদালতের আইনজীবী। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির হলে বিচারক মো. সফিকুল করিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চাঁদপুরের অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৫ মার্চ এই বিচারকই জহির উদ্দিন বাবরকে ১২ বছরের কারাদণ্ড দেন। এছাড়া ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছর সশ্রম কারাভোগের আদেশ দেওয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালে শহরের পুরানবাজারের ওহাব মিয়ার মেয়ে ওয়াহিদা সুলতানা অনি’র সঙ্গে বাবরের বিয়ে হয়। যৌতুকের দাবিতে বিয়ের পর থেকে বাবর স্ত্রীকে নির্যাতন করা শুরু করেন। ২০১০ সালের ২১ নভেম্বর তিনি নির্যাতনের এক পর্যায়ে স্ত্রীর বাম পাশের কান ছিঁড়ে ফেলেন। নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি হাবিবুল ইসলাম তালুকদার বলেন, ২০১০ সালের ১২ ডিসেম্বর অনি’র মা চাঁদ সুলতানা বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৯ ঘ.