নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কদমতলী মধ্যপাড়া এলাকা থেকে সিয়াম নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম আমির হোসেন পেশায় দিনমজুর ও মা সাথী আক্তার পোশাক শ্রমিক।
তারা কদমতলী মধ্যপাড়া এলাকার শুক্কুর মিয়ার ভাড়াটিয়া।
আমির হোসেন বলেন, “সকাল ১০টার দিকে আমি বাড়ি এসে দেখতে পাই বাড়িওয়ালা শুক্কুর মিয়ার স্ত্রী খাদিজা বেগম সিয়ামকে বস্তায় ভরে অন্যত্র সরানোর চেষ্টা করছেন। আমাকে দেখে তিনি ঘরে চলে যান।”
পরে সিয়ামকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে বাড়িওয়ালার স্ত্রী খাদিজা ও গৃহকর্মী ফারজানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৮৪০ ঘ.
bdnews24