২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির ‘দ্বিতীয়’ দাফন

কবর থেকে লাশ তুলে পুনঃময়নাতদন্ত এবং ভিসেরা পরীক্ষার নমুনা সংগ্রহের পর আবার দাফন করা হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 12:34 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবর থেকে লাশ তুলে পুনঃময়নাতদন্ত এবং ভিসেরা পরীক্ষার নমুনা সংগ্রহের পর আবার দাফন করা হয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে। র‌্যাব সদর দপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সোয়া পাঁচটার দিকে সাগর-রুনিকে আবার আজিমপুর কবরস্থানে যার যার কবরে শুইয়ে দেওয়া হয়। রুনির ভাই নওশের আলম রোমান ও সাগরের বোনের স্বামী শাহ মো. শরিফুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছারাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন রুনির ভাই। সে অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং হত্যার কারণ জানতে না পারায় হাই কোর্ট ক্ষোভ প্রকাশ করে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। এরপর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার জন্য র‌্যাবকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব নেওয়ার পর গত মঙ্গলবার ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার জন্য কবরে থেকে সাগর-রুনির লাশ তোলার আবেদন করে র‌্যাব। ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এ ব্যাপারে অনুমতি দিলে নির্বাহী হাকিম শহীদুজ্জামানের উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে আজিমপুরে কবর থেকে লাশ তুলে মর্গে পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মোখলেসুর রহমানের নেতৃত্বে সাগর-রুনির পুনঃময়নাতদন্ত ও ভিসেরার নমুনা সংগ্রহ করা হয়। ময়নাতদন্ত শেষে মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান, দেহ অনেকটাই পচে যাওয়ায় সব ঠিকমতো বোঝা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৬৫০ ঘ.