২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলা শফিক রেহমানসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মানহানির অভিযোগে একটি মামলায় সাংবাদিক শফিক রেহমান, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং প্রকাশক শামসুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগে একটি মামলায় সাংবাদিক শফিক রেহমান, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং প্রকাশক শামসুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ওই তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ এবং ‘ইসলাম ধর্মাবলম্বীদের মানহানি’র অভিযোগে বাংলাদেশ কুরআন শিক্ষা মিশনের সভাপতি ও আওয়ামী ওলামা লীগের সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ২০১১ সালের ৬ মার্চ এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ২০১১ এর ২৫ ফেব্রুয়ারি শফিক রেহমান বিচাপতি এবিএম খায়রুল হককে উদ্ধৃত করে দৈনিক নয়া দিগন্তে ‘চান্স এডিটর নয়, চান্স অ্যাডভাইজার’ শিরোনামে একটি কলাম লেখেন। আরেকটি কলামে তিনি বিচারপতি খায়রুল হককে ‘চান্স মোহাম্মদ’ নামে অভিহিত করেন। এর মধ্য দিয়ে শফিক রেহামান ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করেছেন এবং এতে ইসলাম ধর্মাবলাম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং মানহানী হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। তবে বৃহস্পতিবার অভিযোগ গঠনের সময় ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ লাগার বিষয়টি আমলে না নিয়ে কেবল মানহানির বিষয়টি আমলে নেন মহানগর হাকিম। জামিনে থাকা তিন অভিযুক্তকে বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় অভিযোগ পড়ে শোনানো হলে তারা তিনজনই নিজেদের নির্দোষ দাবি করেন। বাদিপক্ষের শুনানিতে উপস্থিত ছিলেন এটিএম গোলাম গাউস। আসামিদের পক্ষে ছিলেন আব্দুল্লাহ মাহমুদ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসডব্লিউ/জেকে/১৭৪০ ঘ.