২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএস সুযোগ পাচ্ছেন বাদ পড়া প্রার্থীরাও

অনলাইনে ফরম পূরণ করেও টাকা জমা দিতে ব্যর্থ হওয়া ১১ হাজার ৫৭৩ জনকে আদালতের নির্দেশে এই সুযোগ দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেত্রিশতম বিসিএসে অনলাইনে ফরম পূরণ করেও টাকা জমা দিতে না পারায় বাদ পড়া ১১ হাজার ৫৭৩ জনকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের নির্দেশনা মেনে কমিশনের বিশেষ সভায় এ সিদ্ধান্তহয়েছে। বাদপড়া এই প্রার্থীরা আগামী ২৯ এপ্রিল সকাল ৮টা থেকে ২ মে রাত ১০টা পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন বলে জানান তিনি। গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে পিন নম্বর পলেও টাকা জমা দিতে না পারায় পরীক্ষা কার্যক্রম থেকে বাদ পড়েন এই ১১ হাজার ৫৭৩ জন প্রার্থী। তাদের মধ্যে ১৯ জনের একটি রিট আবেদনে গত ১৬ এপ্রিল ৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করে দেয় হাইকোর্ট। এই পরীক্ষার বিজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চায় আদালত। পিএসসির তথ্য অনুযায়ী, ৩৩তম বিসিএসে ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৬২৭ জন প্রার্থী অনলাইনে ফরম পূরণ করে প্রবেশপত্র নিয়েছেন। আগামী ১ জুন এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ৪ হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্র“য়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ৩৩তম বিসিএসের আবেদনপত্র গ্রহণ করা হয়। অনলাইনে আবেদনপত্র পূরণের পর টেলিটকের মাধ্যমে ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করেছিল পিএসসি। তবে শেষ মুহূর্তে টেলিটকের সার্ভারে চাপ পড়ায় অনেকেই ফি জমা দিতে ব্যর্থ হন। আর এ কারণেই পরীক্ষা নিয়ে এই বিপত্তি ঘটে। বিষয়টি জানার পর ওই সময় পিএসসি বলেছিল, ফি জমা দিতে ব্যর্থ প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪০৩ ঘ.