সিলেট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু হয়েছে।
নিহতের নাম জাকির হোসেন (৩০)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোয়ারগাঁও গ্রামে। বিশ্বনাথের নরসিংহপুর কলোনীতে থেকে রিকশা চালাতেন তিনি।
সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকির সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
বিএনপির ডাকে সোমবার হরতাল চলাকালে দুই ঘণ্টা ধরে ওই সংঘর্ষে নিহত হন দুইজন, আহত হয় ১০ পুলিশসহ অর্ধশতাধিক।
হরতালকারীরা উপজেলা পরিষদ কমপ্লেক্সের বেশ কয়েকটি কার্যালয় এবং কমপ্লেক্স সংলগ্ন শতাধিক দোকানপাট ভাঙচুর করে। হামলা হয় ইউএনওর বাড়িতে। তার গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।
সোমবার নিহত সেলিম আহমদ (৩০) ও মনোয়ার হোসেনকে (২৮) মঙ্গলবার রাতে দাফন করা হয়েছে। তারা দুজনেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ওই সংঘর্ষের ঘটনায় সোমবার রাতেই বিএনপির আট হাজার নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে বিশ্বনাথ থানায়।
সোমবার রাত ও মঙ্গলবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সুপার জানান।
পুলিশের অস্ত্র উদ্ধার
বিশ্বনাথে সোমবারের সংঘর্ষের সময় খোয়া যাওয়া পুলিশের গ্যাসগানটি বুধবার সকালে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষ চলাকালে নায়েক সাধন চাকমাকে মারধর করে অস্ত্রটি বিএনপি নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাধের রাজনগর গ্রামের একটি কবরস্থানে সেটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
নায়েক সাধন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.
bdnews24