ভোলা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুর ছয়মাস পর আবার ময়নাতদন্তের জন্য ভোলা সদরের এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে পুলিশ।
আদালতের নির্দেশে মঙ্গলবার ভোলর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াসুর রহমানের উপস্থিতিতে খুকু মনির (২০) লাশ উত্তোলন করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খুকু মনি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের লামছি পাতা গ্রামের শেখ ফরিদের মেয়ে।
নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, খুকু মনির সঙ্গে বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের রাজমিস্ত্রি মনিকের বিয়ে হয় এক বছর আগে। এরপর থেকে তারা ঢাকায় থাকতেন।
কিন্তু বিয়ের ছয়মাস পর থেকে যৌতুকের জন্য স্বামীর নির্যাতন করায় খুকু মনি বাবার বাড়ির চলে যান।
গত বছরের ১২ অক্টোবর রাতে বাড়িতে বড় বোন জান্নাতুল ফেরদৌসের সঙ্গে ঘুমিয়ে পড়েন খুকু মনি। কিন্তু পরদিন সকালে তাকে আর কোথাও পাওয়া যায়নি। এর দু’দিন পর (১৪ অক্টোবর) বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিতহের বাবা শেখ ফরিদ বাদী হয়ে মেয়ে জামাই মানিক ও তার প্রথম স্ত্রী রহিমাকে আসামি করে ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রথম পর্যায়ে ময়নাতদন্তে খুকু মনি আতœহত্যা করেন বলে রিপোর্ট দেওয়া হয়। তাই বাদীর আবার ময়নাতদন্তের আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামূল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট থেকে ওই এলাকার কাসেম মিয়ার ছেলে সবুজ (১৮) এবং মো. নাগরের ছেলে সফিজলকে (২০) গ্রেপ্তার করা হয়।
তবে তাদের জিজ্ঞসাবাদে কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান। তারা এখন হাইকোর্টের জামিনে মুক্ত আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৮ ঘ.
bdnews24