২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অপহরণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নিখোঁজ হওয়ার দেড়মাস পর ঝালকাঠী সদরের একটি শিশুকে উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঝালকাঠী, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার দেড়মাস পর ঝালকাঠী সদরের একটি শিশুকে উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে শহরের ডাক্তারপট্টি থেকে রানা হাওলাদার (১২) নামের শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গত ৫ মার্চ শহরতলীর কিস্তাকাঠী আবাসন প্রকল্পের নিজ বাড়ি থেকে শক্কুর আলী হাওলাদারের ছেলে রানা নিখোঁজ হয়। এ নিয়ে পৌর মেয়র এবং তার এক প্রতিপক্ষ পরস্পরের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগ করছেন। ঝালকাঠী থানার উপ-পরিদর্শক রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে শহরের ডাক্তারপট্টি সড়কে ঝালকাঠী পৌর মেয়র আফজাল হোসেনের শ্যালকের বাড়ির সিঁড়ি থেকে রানা হাওলাদারকে পুলিশ উদ্ধার করেছে। এদিকে পৌর চত্বরে এক সংবাদ সম্মেলনে মেয়র আফজাল অভিযোগ করেন, “এসআই রাসেল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।” মেয়রের দাবি, নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী তালুকদারের লোকজন শিশুটিকে অপহরণ করে এবং সকালে তারাই শিশুটিকে তার বাড়ির কাছে রেখে তাকে দায়ী করার চেষ্টা চালাচ্ছে। মেয়রের সংবাদ সম্মেলনের আড়াই ঘণ্টা পর লিয়াকতের ছেলে মনিরুল ইসলাম তালুকদার আরেক সংবাদ সম্মেলনে বলেন, শিশুটি উদ্ধারের খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গেলে মেয়রসহ তার লোকজন তাদের ওপর হামলা চালায় ও এক লাখ চুয়াত্তর হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ মামলা নেয়নি। ঝালকাঠী থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে আদালতে শিশুটি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তিনি আরো বলেন, গত ৯ মার্চ শিশুটির বাবা থানায় একটি মামলা করেন। মামলায় লিয়াকত আলী তালুকদারের ইটভাটার প্রহরী ইয়াদ আলী কারাগারে আটক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১১ ঘ.