পাবনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনশৃংখলা বাহিনী পাবনা সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম হোসেন মৃধাকে মঙ্গলবার ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা।
কিন্তু র্যাব ও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
ইব্রাহিম মৃধার ছেলে রাজা মৃধা সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে দু’টি সাদা মাইক্রেবাসে র্যাব পরিচয়ে আসা আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তার বাবাকে বাড়ি থেকে চোঁখ বেধে নিয়ে গেছে।
ইব্রাহিম হোসেন মৃধা সদরের গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেও তার ছেলে জানান।
এদিকে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার কে এম তানভীর আনোয়ার এ অভিযোগ অস্বীকার করে বলেন, ওই এলাকায় তারা গিয়েছিলেন, তবে কাউকে আটক করেননি।
এ ব্যাপারে পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ
bdnews24