নেত্রকোনা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক হত্যামামলায় সাবেক এক সেনা সদস্যের ফাঁসির আদেশ দিয়েছে নেত্রকোনার একটি আদালত।
মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বেলায়েত উল্যাহ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত কাজী মামুন-উল-আলম আটপাড়া উপজেলার দেওশ্রী গ্রামের কাজী তরিকুল আলমের ছেলে। তিনি বেঙ্গল রেজিমেন্টের সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন।
২০০৮ সালের নভেম্বরে সদর উপজেলার দিঘলা গ্রামের শিক্ষক দুদু মিয়াকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ সাইফুল আলম জানান, ২০০৮ সালের ৯ নভেম্বর সকালে মামুন শিক্ষক দুদু মিয়ার শহরের মালনী এলাকার বাসায় আসেন এবং শিক্ষক দুদু মিয়ার ভাগ্নীকে তার হাতে তুলে দেওয়ার জন্য বলেন।
এনিয়ে বাকবিতণ্ডার পর মামুন দুদু মিয়ার ওপর হামলা চালান। একপর্যায়ে মামুন শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।
পিপি জানান, দুদু মিয়ার চিৎকারে এলাকাবাসী এসে বাড়িটি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুদু মিয়াকে উদ্ধার করে এবং মামুনকে আটক করে। অগ্নিদগ্ধ দুদু মিয়া ঢাকার সিটি হাসপাতালে ২০০৮ সালের ২৭ নভেম্বর মারা যান।
দুদু মিয়ার ভাই আব্দুল লতিফ এরপর মামুনকে আসামি করে নেত্রকোনা সদর মডেল থানায় মামলা করেন। পুলিশ ২০০৯ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে।
২০১১ সালের ২৬ মে মামুন জামিনে ছাড়া পান। গত ২০ মার্চ আদালত মামুনকে পলাতক ঘোষণা করেন বলে জানান পিপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭০০ ঘ.
bdnews24