ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় করা একটি জিডির তদন্তের অগ্রগতি প্রতিবেদন জানানোর সময় বেঁধে দিয়েছে আদালত।
মঙ্গলবার শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল জিডিা ভিত্তিতে তদন্তের অনুমতি চাইলে জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ।
মুখ্য মহানগর হাকিম আদালতের পেশকার মো. আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে সরকার সমর্থক সংগঠন ‘জননেত্রী পরিষদের’ সভাপতি এ বি সিদ্দিকী সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হাফিজুর রহমান রানার বিরুদ্ধে এ জিডি করেন সোমবার।
জিডিতে বলা হয়, “ফেইসবুকে এক ‘স্ট্যাটাসে’ রানা লেখেন, ‘হায়েনা ওই হায়েনা তুই দেশকে খেয়েছিস, এখন বুয়েটকে খাবি..... পারবি না। প্রথমে তোর মাথায় গুলি করব, পরে পেটে। তারপর মাথা কেটে বুয়েটের সামনে টাঙ্গিয়ে রাখবো। যাতে আর কোন হায়েনার আক্রমণে বুয়েট আক্রান্ত না হয়’।”
এ বি সিদ্দিকী ভোরের আলো নামে একটি দৈনিক পত্রিকার সম্পাদক।
এর আগে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে ফেইসবুকে ‘স্ট্যাটাস’ দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে উচ্চ আদালত তলব করে।
অস্ট্রেলিয়ায় অবস্থানরত ওই শিক্ষক নির্দেশ না মানায় আদালত অবমাননার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরআরডি/পিডি/২১২৮ ঘ.
bdnews24