ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে উৎপাদিত পণ্যের সুরক্ষায় একই ধরনের পণ্যের আমদানি শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর তিনি বলেন, “মোটরসাইকেল ও শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) এখন দেশেই উৎপাদিত হচ্ছে। এসব পণ্য আমদানিতে শুল্ক বৃদ্ধি করা অযৌক্তিক হবে না।”
দেশীয় কোম্পানি ওয়ালটন ও রানার ‘ভাল মোটরসাইকেল’ উৎপাদন করেছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার জন্য আমদানি শুল্ক বাড়ানো যায়।
চলতি অর্থবছরের বাজেটেও মোটর সাইকেল ও এসির মতো পণ্য আমদানিকে শুল্কহার বাড়ানো হয়েছিল।
আইএমএফের ঋণ
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আইএমএফের ডেপুটি ডিভিশন চিফ ডেভিড জি কাউয়েনের নেতৃত্বে পাঁচ সদস্যর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
ওই বৈঠক প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ইসিএফ (বর্ধিত ঋণ সুবিধা) এর জন্য আইএমএফ কোনো শর্ত দেয়নি।
“শর্তগুলো আমাদের নিজেদের। এগুলো বাস্তবায়ন করতে আইএমএফ কেবল একটি সময় সীমা দিয়েছে”, বলেন মন্ত্রী।
প্রায় দেড় বছর ঝুলে থাকার পর গত ১২ এপ্রিল আইএমএফের পরিচালনা পর্ষদ ৯৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের এই ঋণ অনুমোদন করে। আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি খাতে সংস্কারের শর্ত মেনে বাংলাদেশের এই ঋণ পেয়েছে।
এই ঋণের অর্থ তিন বছরের মধ্যে কয়েক ধাপে ছাড় করা হবে, যার প্রথম কিস্তিতে বাংলাদেশ পাবে ১৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার।
জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতি শিগগিই
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশে জ্বালানির দাম নির্ধারণের জন্য আগামী তিন মাসের মধ্যে একটি ‘পদ্ধতি’ নির্ধারণ করা হবে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে, রেগুলেটরি বডির সঙ্গে আলোচনা করছে।”
চূড়ান্ত হওয়ার পর ধাপে ধাপে এ পদ্ধতি বাস্তবায়ন করা হবে বলে অর্থমন্ত্রী জানান।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই দেশে জ্বালানির দাম নির্ধারণ করা উচিৎ মন্তব্য করে মুহিত বলেন, “পাশ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কাতেও এ ব্যবস্থা রয়েছে।”
তিনি জানান, জ্বালানিতে ভর্তুকি কমাতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিজেল ও কেরোসিনের দাম বাড়লে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “নিুবিত্তরা যেসব জ্বালানি ব্যবহার করে তার দাম সব দেশেই কম থাকে। আমাদের ক্ষেত্রেও কম থাকবে।”
‘
সরকারের ধারাবাহিকতা’
হরতাল অর্থনীতির জন্য ‘ভাল নয়’ মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
“সরকার পরির্তন হলেও দেশের প্রধান প্রধান নীতিমালার পরিবর্তন হওয়া উচিৎ নয়। সরকার একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রত্যেক সরকারের একটি নিজস্ব আদর্শ আছে, সেগুলো পরিবর্তন হতে পারে; তবে বড় বড় বিষয় পরিবর্তন করা উচিৎ নয়।”
আগের সরকার যা করেছে তার সবই বদলে ফেলার একটি প্রবণতা বিএনপির রয়েছে- এমন মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমরা যা করছি- তা পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবে না। যেমন বিদ্যুৎ খাতে যা করা হয়েছে, পরবর্তী সরকার তা পরিবর্তন করতে পারবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৫২০ ঘ.
bdnews24