২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাংসদদের মিছিলে পুলিশের বাধা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে মিছিল করে জাতীয় সংসদ ভবন চত্বর থেকে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন দলটির সাংসদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 05:20 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে মিছিল করে জাতীয় সংসদ ভবন চত্বর থেকে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েছেন দলটির সাংসদরা। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে টানা তৃতীয় দিনের হরতাল চলাকালে মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মিছিল শুরু হয়। এম কে আনোয়ারের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবন চত্বর থেকে মিছিল নিয়ে বের হতে চাইলে মিছিল তাদের বাধা দেয়। এরপর দক্ষিণ প্লাজাতেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এম কে আনোয়ার বলেন, “দেশের মানুষের স্বাধীনতা নেই। গুম হত্যা তো চলছেই। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের সব ধরনের অধিকার খর্ব করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে এই সংশোধনী ডাস্টবিনে ছুড়ে ফেলব।” বিএনপির ১৪ জন সংসদ সদস্য এই মিছিল ও সমাবেশে উপস্থিতি ছিলেন। এর আগে সোমবার হরতালের দ্বিতীয় দিনেও জাতীয় সংসদ ভবন চত্বরে মিছিল করে এম ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে দেওয়ার’ দাবি জানান বিরোধীদলীয় সংসদ সদস্যরা। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ সাবেক সাংসদ ইলিয়াস আলী। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র‌্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও পাওয়া যায়নি এই বিএনপি নেতাকে। সাবেক সাংসদ ইলিয়াস আলীকে সরকার ‘গুম’ করেছে- এমন অভিযোগে গত রোববার থেকে হরতাল করে আসছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমএমআর/জেকে/১১১৫ ঘ.