ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সোমবার সন্ধ্যায় এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।
নানীর কোল থেকে বোরকা পরা এক নারী কৌশলে ওই নবজাতক ছেলে শিশুকে নিয়ে উধাও হয়ে যায় বলে শিশুর বাবার অভিযোগ।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশের ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে খোঁজাখুজি শুরু করা হয়। থানা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ এসে অনুসন্ধান করছে।
নবজাতকের বাবা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ বাসা থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যালে তার অন্তসত্ত্বা স্ত্রী শিল্পী বেগমকে (২৫) ভর্তি করা হয়।
সন্ধ্যা ৬টায় তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। এদিকে নবজাতককে নিয়ে সাড়ে ৬টার দিকে তার শাশুড়ি পাশে ঘোরাঘোরি করার সময় বোরকা পরা এক নারী এসে বলেন, “বাচ্চার মা খুব অসুস্থ আপনি এখানে ঘোরাঘুরি করছেন, বাচ্চা আমাকে দিয়ে আপনার মেয়েকে দেখে আসুন”।
এই বোরকা পরা নারীর কোলে শিশুকে দিয়ে শিল্পীকে দেখতে ছুটে যান আনোয়ার হোসেনের শাশুড়ি। পরে এসে দেখেন ওই নারীও নেই, শিশুটিও নেই।
এ ঘটনায় রাতে আনোয়ারের শাশুড়ি শাহবাগ থানায় একটি জিডি করেন বলে জানান উপ-পরিদর্শক মোজাম্মেল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/০০২৩ ঘ.
bdnews24