ঝালকাঠী, এপ্রিল ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিক্ষকের চাবির খোঁচায় ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার সকালে রাজপুর ফাজিল মাদ্রাসায় এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
আহত মো. কাওসার হোসেন হাওলাদার (১৫) ওই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কাওসার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কাউসার তার শ্রেণিকক্ষে একটি উঁচু বেঞ্চিতে উঠলে মাদ্রাসার উপাধ্যক্ষ ফজলুল বারী এসে দেখে ফেলেন।
এ সময় কাউসার নিচে নেমে শিক্ষকের কাছে ক্ষমা চায়। কিন্তু শিক্ষক তাকে চাবির গোছা দিয়ে মাথায় খোঁচা দিলে কেটে গিয়ে রক্ত বের হয়।
এর প্রতিবাদে তার সহপাঠীরা সাময়িকভাবে পরীক্ষা বর্জন করে মাদ্রাসা চত্বরে বিক্ষোভ করতে থাকে।
মাদ্রাসার অধ্যক্ষ আসাদুজ্জামান জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষুব্ধ ছাত্রদের শান্ত করে পরীক্ষা নেওয়া হয়েছে। তদন্ত করে এ ঘটনার সুষ্ঠু বিচার করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24