বাগেরহাট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি চোরাচালান মামলায় মংলার সাবেক শুল্ক কমিশনার নূরুল ইসলামসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বাগেরহাটের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতোয়ার রহমান এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন মদ আমদানিকারী প্রতিষ্ঠান মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন কবির, কথিত ব্যবস্থাপনা পরিচালক আজাদ মাহাতাব ওরফে আবুল কালাম আজাদ, সিএন্ডএফ এজেন্ট প্রফেসি শিপিং লাইন্সের মালিক জুলফিকার মালেক মনি এবং ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
এ ঘটনার পর নূরুল ইসলামকে প্রথমে মংলা শুল্ক ভবন থেকে যশোর শুল্ক ভবনে বদলি করা হয়। পরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
আসামিপক্ষের আইনজীবী শাহীন সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিরা উচ্চ আদালতের নির্দেশে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। গত ১ এপ্রিল এই পাঁচ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর সোমবার শুনানির দিন ধার্য হয়।
সকালে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ মঙ্গলবার জানানো হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২২ ডিসেম্বর শুল্ক বিভাগের কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তারা মংলা সমুদ্র বন্দরে দুটি কন্টেইনার থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ২৭ হাজার ৩৬৪ বোতল বিভিন্ন ব্রাণ্ডের বিদেশি মদ উদ্ধার করে।
খুলনা শহরের স্টেশন রোডের মিডিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান প্রসাধনী সামগ্রী আমদানির নামে এসব আমদানি নিষিদ্ধ মদ আনার চেষ্টা করছিল।
এই ঘটনায় ২০১০ সালের ৪ জানুয়ারি মংলা শুল্ক ভবনের অতিরিক্ত কমিশনার এসএম হুমায়ুন কবির মংলা থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১১৫ ঘ.
bdnews24