২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থ কেলেঙ্কারি’: আরেক চালককে জিজ্ঞাসাবাদ হবে

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় আরেক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের ‘অর্থ কেলেঙ্কারির’ ঘটনায় আরেক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন। সোমবার কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চালকের নাম মোখলেসুর রহমান।” “তাকে আগামী ২৫ এপ্রিল সকালে কমিশনে হাজির হয়ে তদন্ত কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে।” ওই কর্মকর্তা জানান, ঘটনার দিন রাতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) ইউসুফ আলী মৃধা ও জিআরপির ঢাকা কমান্ড্যান্ট এনামুল হককে রেলওয়ের একটি গাড়ি ধানমন্ডি ৩ নম্বর রোডের একটি বাড়িতে নামিয়ে দেওয়া হয়। মোখলেসুর ওই গাড়ির চালক ছিলেন বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, “ঘটনার সময় উদ্ধার হওয়া টাকা ওই গাড়িতে আনা হয়েছিল কি না? টাকার মালিক কে? কোথা থেকে টাকাগুলো এসেছে? ইত্যাদি বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।” এ ঘটনায় গত ১৮ এপ্রিল ওমর ফারুক, ইউসুফ মৃধা ও এনামুল হককে জিজ্ঞাসাবাদ করে দুদক। গত ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে অর্থ পাওয়ার খবর প্রকাশের পর থেকে তা নিয়ে শোরগোল শুরু হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, ওই রাতে ফারুকের সঙ্গে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। রেলের জিএম ইউসুফ এবং কমান্ড্যান্ট এনামুল হকও ওই গাড়িতে ছিলেন। ঘটনার জের ধরে ইউসুফ ও এনামুলকে সাময়িক বরখাস্ত এবং ওমর ফারুককে চাকরিচ্যুৎ করা হয়। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত সেনগুপ্তও। রেলের মহাপরিচালক আবু তাহের এবং দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদের নেতৃত্বে দুটি দল ওই ঘটনা তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২০৪৫ ঘ.