২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ টেম্পোযাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই টোম্পোযাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাজীপুর, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই টোম্পোযাত্রী নিহত হয়েছেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টা দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেলসড়কের উপর এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়াকৈরের উপজেলার কালামপুর গ্রামের বিজয় বর্মণের ছেলে ভূবন বর্মণ (৩৫) ও একই গ্রামের শ্রীমন্ত বর্মনের স্ত্রী মায়া রাণী বর্মন (৬৫)। নিহতরা সম্পর্কে জামাতা ও শাশুড়ি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালামপুর গ্রামের টেম্পোচালক ভূবন তার শাশুড়ি মায়া রানীকে নিয়ে চন্দ্রা যাচ্ছিলেন। কালামপুর এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং পারাপার হওয়ার সময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে টেম্পোটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়। ওই রেলক্রসিংটিতে পাকা রাস্তা থাকলেও কোনো রেলগেট নেই বলে জানান তিনি। খবর পেয়ে নিহতদের স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৪২ ঘ.