ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের কারণে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
হরতালের কর্মসূচি আসার পর সোমবার বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসিতে প্রকৌশল অঙ্গন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ঐচ্ছিক-১, প্রকৌশল অঙ্গন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ঐচ্ছিক-২, প্রকৌশল অঙ্গন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ঐচ্ছিক-৩, সমরবিদ্যা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গার্হাস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান) এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা ছিল।
এদিন মাদ্রাসা বোর্ডের কোনো পরীক্ষা না থাকলেও কারিগরি বোর্ডের অধীনে রসায়ন বিজ্ঞান-১ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
কারিগরি বোর্ডের মঙ্গলবারের পরীক্ষা কবে হবে, তা পরে জানানো হবে বলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা জানান।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার থেকে সারাদেশে বিএনপির হরতাল চলছে। এতে গত দুই দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
একই দাবিতে গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় বিএনপি হরতাল ডাকায় ওই বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়।
পরীক্ষার মধ্যে বিরোধী দলের এই হরতালের সমালোচনা করে আসছে সরকার। পরীক্ষার মধ্যে হরতাল না দিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বিরোধী দলের প্রতি অনুরোধ রেখেছিলেন।
গত ১ এপ্রিল থেকে সারা দেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা চলছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮১২ ঘ.
bdnews24