২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় হরতাল নিয়ে সংঘর্ষ: ৪ ঘণ্টা আটকা প্রতিমন্ত্রী

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোববার বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাইবান্ধা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোববার বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় রংপুর থেকে ঢাকা ফেরার পথে গাইবান্ধায় সাড়ে চার ঘণ্টা আটকে থাকেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আবু বক্করকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। ধাপেরহাটে হরতালের পক্ষে-বিপক্ষে দু’পক্ষের মিছিল থেকে সন্ধ্যা সোয়া ৭টায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানান, রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে এ সংর্ঘষের কারণে সন্ধ্যা সাড়ে ৭টায় আটকা পড়েছেন। নিরাপত্তার জন্য তিনি ধাপেরহাটে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। পলাশবাড়ী থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টায় প্রতিমন্ত্রী ফাঁড়ি থেকে ঢাকা রওনা দেন। পলাশবাড়ী থানার ওসি শাহ আলম জানান, সন্ধ্যায় হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত ও তাদের অঙ্গসংগঠনগুলো মিছিল বের করে। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিল দু’টি উপজেলার চৌমাথায় মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। তিনি আরো বলেন, সংঘর্ষে চৌমাথা মোড়সহ উপজেলা সদরের বিভিন্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা-রংপুর মহাসড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। বেশ কয়েকটি দোকানে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। উপজেলা জামায়াতের কার্যালয় ভাংচুর করা হয়েছে। সংঘর্ষ এড়াতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় বলেও পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩৫৫ ঘ.