২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশারে পোনাসহ ট্রাক ছিনতাই, গ্রেপ্তার ৩

বরিশাল আওয়ামী লীগের এক নেতার ছেলের বিরুদ্ধে গলদা চিংড়ি পোনা বোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

বরিশাল, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল আওয়ামী লীগের এক নেতার ছেলের বিরুদ্ধে গলদা চিংড়ি পোনা বোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে প্রায় চার লাখ টাকা মূল্যমানের পোনাসহ ট্রাকটি ছিনতাই হয়। বরিশাল বিমান বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য জলকাদের মোল্লার ছেলে লিটন মোল্লার নেতৃত্বে রেজবী, আজমীর, মোস্তফা ও রিপনসহ সাতজন এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদের মধ্যে রেজবী, আজমীর ও মোস্তফাকে গ্রেপ্তার করা হলেও লিটনসহ অন্যরা পলাতক রয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোকলেসুর রহমান জানান, জলকাদের মোল্লা আওয়ামী লীগের বরিশাল জেলা কমিটির সদস্য এবং সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক। ট্রাক মালিক মো. টুলু মিয়া শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পটুয়াখালীর গলাচিপা থেকে তার ট্রাক বাগেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। শনিবার রাত ৩টার দিকে গড়িয়ার পাড় এলাকার সিটি কর্পোরেশনের টোল ঘরের সামনে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানো হয়। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন চিংড়ি পোনা অবৈধ দাবি করে দুই লাখ টাকা চায়। টাকা দিতে না পারায় তারা ট্রাকসহ চিংড়ি পোনা নিয়ে যায়। এ সময় ট্রাকে থাকা চালক ও শ্রমিকদের মারধর করেন তারা। অবস্থা বুঝে চালককে রেখে শ্রমিকরা পালিয়ে গেলে স্থানীয়রা তাদের থানায় পৌঁছে দেয় বলেও জানান তিনি। এদিকে, সকালের দিকে ছিনতাইকারীরা চিংড়ি পোনা রেখে ট্রাকটি ছেড়ে দেয়। পালিয়ে আসা শ্রমিকরা জানিয়েছেন, ছিনতাইকারীদের মধ্যে তারা কয়েক জনের নাম জানতে পেরেছেন। তারা হলেন- লিটন মোল্লা, রেজবী ও রিপন। এ ঘটনায় শ্রমিকদের উল্লেখ করা তিন জনসহ সাত জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মহানগর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান মোট. টুলু মিয়া। বরিশাল বিমান বন্দর থানার ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “মামলা হওয়ার পর পরই আমরা চিংড়ি পোনা উদ্ধার ও অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৩১ ঘ.