২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি হোস্টেলে নারীর গলিত লাশ

সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল থেকে অজ্ঞাত পরিচয় নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবন এলাকার এমপি হোস্টেল থেকে অজ্ঞাত পরিচয় নারীর গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হোস্টেলের ৬ নম্বর ব্লক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই নারী খুন হন বলে পুলিশ ধারণা করছে। দ্বিতল হোস্টেল ভবনের ছাদে ওঠার সিঁড়ি যেখান থেকে শুরু হয়েছে তার পাশেই একটি ছোট আয়তনের খালি জায়গা থেকে রোববার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইমাম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই জায়গার পাশে একটি বাথরুম রয়েছে।” অবশ্য হোস্টেলের একটি বাথরুম থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয় বলে এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন একই পুলিশ কর্মকর্তা। ওই নারীর পরনে ম্যাক্সি ছিল জানিয়ে ইমাম হোসেন বলেন, তার বয়স আনুমানিক ৩০ বছর হবে। লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় তাতে পচন ধরেছে বলেও জানান এই কর্মকর্তা। ইমাম হোসেন বলেন, “ওই ভবনটি দুই তলার। দ্বিতীয় তলায় ১৩৬ থেকে ১৪২ নম্বর ফ্ল্যাট রয়েছে। মাত্র তিন জন এমপি তিনটি ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন।” তবে ফ্ল্যাট বরাদ্দ নেওয়া সাংসদদের নাম জানাতে পারেননি তিনি। পুলিশ কর্মকর্তা ইমাম বলেন, এমপিরা কেউ দ্বিতীয় তলার কোনো ফ্ল্যাটে থাকেন না। মাঝে মাঝে তাদের সহকারী ব্যক্তিগত সচিবরা (এপিএস) এসে কাজকর্ম করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এএইচ/পিডি/২৩০২ ঘ.