২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের এমডির ‘চলতি দ্বায়িত্ব¡’ পাচ্ছেন নাসের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ‘চলতি দায়িত্ব’ পাচ্ছেন ক্যাপ্টেন শেখ নাসের উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ‘চলতি দায়িত্ব’ পাচ্ছেন ক্যাপ্টেন শেখ নাসের উদ্দিন আহমেদ। বিমানের ক্রমাগত লোকসান ও কর্মচারীদের আন্দোলন-বিক্ষোভের মুখে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরে দাঁড়াতে চান বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। শুক্রবার পরিচালনা পর্ষদ সভায় তার জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচালক (পরিকল্পনা) ক্যাপ্টেন শেখ নাসের উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি এমডির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। আগামী বুধবার থেকে তিনি দায়িত্ব নেবেন।” “এরপর নিয়ম অনুযায়ী নতুন এমডির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে,” বলেন ওই কর্মকর্তা। বিমানে দীর্ঘদিন পাইলট হিসেবে কাজ করা শেখ নাসের উদ্দিন এর আগে পরিচালক (ফ্লাইট অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেন। গত কয়েকদিন ধরে দেশের কয়েকটি মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, বিমানের বর্তমান এমডি জাকিউল ইসলাম পদত্যাগ করেছেন। তবে কোম্পানিটির পক্ষ থেকে বিষয়টির সত্যতা স্বীকার করা হয়নি। বিমানের চেয়ারম্যান ও এমডির সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। বিমানের ওই কর্মকর্তা জানান, “শুক্রবারের পর্ষদ সভায় জাকিউল ইসলাম উপস্থিত ছিলেন। রোববার তিনি অফিস করেছেন। সোম ও মঙ্গলবারও অফিস করবেন।” শুক্রবার রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার পরিচালনা পর্ষদের বৈঠকের সময় বাইরে বিক্ষোভ করে আন্দোলনরত বিমানকর্মীরা। সভাশেষে পরিচালনা পর্ষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিমানের এমডির মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে। জাকিউল ইসলাম একটি আবেদন জানিয়েছেন, তাকে যেন নতুন করে নিয়োগ দেওয়া না হয়। “এর ভিত্তিতে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, তার জায়গায় কাউকে চলতি দায়িত্ব দিয়ে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০০৯ সালের জুন মাসে নিয়োগ পান জাকিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮১৫ ঘ.