২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ অতিরিক্ত ও ১১ যুগ্ম-সচিব পদে রদবদল

প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম-সচিবের পদে রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 12:48 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম-সচিবের পদে রদবদল হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়ালের প্রেষণের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। অতিরিক্ত সচিবদের মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান পদে কর্মরত মো. ফরহাদ উদ্দিনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব এমএ হান্নানকে সংযুক্ত করা হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক পদে বদলির আদেশ পাওয়া ওএসডি যুগ্ম-সচিব সাজ্জাদুল হাসানকে সড়ক বিভাগে এবং ওএসডি যুগ্ম-সচিব হারুনুর রশিদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে বদলির আদেশ পাওয়া ওএসডি যুগ্ম-সচিব ড. অরুণা বিশ্বাসকে বিসিকের পরিচালক, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রফিকুল ইসলামকে বেসরকারী শিক্ষা নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য, ওএসডি যুগ্ম-সচিব কাজী রওশন আক্তারকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, ওএসডি যুগ্ম-সচিব আব্দুস সামাদকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ওএসডি যুগ্ম-সচিব তাজুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আক্তারুজ্জামান খান কবিরকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক খন্দকার আমিনুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং জাতীয় মানবাধিকার কমিশনের সচিব পদে প্রেষণে নিয়োজিত যুগ্ম-সচিব শেখ আব্দুল আহাদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. গাউসকে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে ধর্ম মন্ত্রণালয়ের সচিব পদে প্রেষণে নিয়োজিত সচিব কাজী হাবিবুল আউয়ালের প্রেষণের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব (সংখ্যাতিরিক্ত) হাবিবুল আউয়াল রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ধর্ম মন্ত্রণালয়ে প্রেষণে রয়েছেন। গত ২১ এপ্রিল তার প্রেষণের মেয়াদ শেষ হয়। দ্বিতীয় দফার প্রেষণের মেয়াদ শেষে তিনি লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব (সংখ্যাতিরিক্ত) পদে ফিরে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৮৪২ ঘ.