সিলেট, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতালে তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
রোববার হরতালের সময় সিলেট মহানগরীতেও সংঘর্ষ হয়েছে। সিলেটে মোট গ্রেপ্তার করা হয়েছে ৫৩ জনকে।
বিশ্বনাথে সংঘর্ষে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি ইলিয়াসের গ্রাম রামাধানা গ্রামের বাসিন্দারাও জড়িয়ে পড়ে। সেখানে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, বিশ্বনাথে দফায় দফায় সংঘর্ষে ৯ পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের ছোড়া রবার বুলেটের আঘাতে আহত দুই ছাত্রদলকর্মীসহ অনেককে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান বিশ্বনাথ থানার ওসি চাঁন মিয়া।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা ইলিয়াস মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবারও সিলেট বিভাগে হরতাল করে স্থানীয় বিএনপি।
রোববার বিক্ষোভের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে কয়েকশ বিএনপি নেতা-কর্মী বিশ্বনাথ থানা ঘেরাও করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নেতা-কর্মীরা ইট ছুড়লে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
বেলা আড়াইটার দিকে অলঙ্কারি ইউনিয়নের রামাধানা গ্রাম থেকে কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানার দিকে এগোতে থাকে। পুলিশ তাদের উপজেলা কমপ্লেক্সের কাছে আটকে দিলে সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয়রা জানায়।
গ্রামাবাসী ও পুলিশের সংঘর্ষে বিশ্বনাথ উপজেলা সদর রণক্ষেত্রে রূপ নেয়। ইটের জবাবে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।
ওসি চাঁন মিয়া জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া হয়।”
সংঘর্ষে নয় পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে এক জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে বিএনপি নেতা-কর্মী ও গ্রামবাসী মিলেয়ে অর্ধশতের বেশি আহত হয়। এদের মধ্যে রবার বুলেটে আহত খানাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মরতুজ আলী (২৫) এবং ছাত্রদলকর্মী মিসির আলী (৩৫) সহ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানান ওসি।
উপজেলা সদরে পিকেটাররা একটি সংবাদপত্রবাহী অটোরিকশা ও ওষুধের দোকান ভাংচুর করে। আগুন দেয় একটি খাবারের দোকানেও।
হরতালে সিলেট নগরীতে সকাল থেকে শান্তিপূর্ণ হলেও দুপুরের পর দুটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
সকালে কয়েক দফা মিছিলের পর বিএনপি নেতারা নগরীর জিন্দাবাজার সিটি সেন্টার এলাকায় অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১২টায় জমিয়তে উলামায়ে ইসলাম একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় হরতাল সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ২০ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৩০-রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল ছোড়ে পিকেটাররা।
এছাড়া নগরীর টুকের বাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর সেখান থেকে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এজাজ আহমেদ।
গ্রেপ্তারের তথ্য জানিয়ে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিশ্বনাথে গ্রেপ্তারের সংখ্যা ১৪।
বিয়ানীবাজারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাকি সবাই সিলেট মহানগরীর।
বিশ্বনাথ ছাড়া বাকি ১১ উপজেলায় পরিস্থিতি শান্তিপূর্ণ বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
হরতালে সকালে শহরের বিভিন্ন এলাকায় কিছু রিকশা চলতে দেখা গেলেও ভারী যানবাহন চলেনি। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের কারণে অধিকাংশ এলাকায় রাস্তাঘাট ফাঁকা। বেশিরভাগ দোকানপাটও বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলা শহরের রিকশা চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলছে না। শহরের বেশিরভাগ দোকানপাটই বন্ধ।
সকাল ৮টায় শহরের প্রধান সড়কের শায়েস্তানগর ঈদগাহ এলাকা থেকে পুলিশ ৪ পিকেটারকে আটক করে। তারা হলেন- আজিজুল ইসলাম (৩৫), সুমন মিয়া (৩০), জুয়েল মিয়া (২৮) ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ (৩০)।
শায়েস্তানগর, কোর্ট স্টেশন, বেবীস্ট্যান্ড, পৌর বাস টার্মিনাল, চৌধুরীবাজার খোয়াইমুখ পয়েন্টসহ বিভিন্ন স্থানে বিএনপির স্বল্প সংখ্যক নেতাকর্মী অবস্থান করছেন। তবে জোরালো পিকেটিং দেখা যায়নি।
বিএনপির সিলেট জেলার সভাপতি ইলিয়াসের সন্ধান দাবিতে এর আগে বৃহস্পতিবারও হরতাল হয় সিলেট বিভাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24