ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপির ডাকা হরতালে দেশের স্থলবন্দরের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
আমদানি-রপ্তানির কাজ ব্যহত হয়নি। তবে বাইরে গাড়ি না চলায় ভারত থেকে আসা যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বেনাপোল প্রতিনিধি জানান, বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। হ্যান্ডেলিং শ্রমিকরা বন্দরের ভেতরে মালামাল ওঠা-নামার কাজ করেছে। শুল্ক বিভাগের কাজকর্ম চলে স্বাভাবিক নিয়মে।
ঢাকায় আগুনে পুড়িয়ে ঈগল পরিবহনের এক চালককে হত্যার প্রতিবাদে যশোর-সাতক্ষীরা-খুলনা-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি।
পরিবহন মালিক এবং শ্রমিকদের কয়েকটি সংগঠন এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। ফলে গাড়ি না চলায় বেনাপোলে আটকা পড়েছে কয়েকশ ভারত ফেরত যাত্রী।
ঢাকার লালবাগের মো ফোরকান ঈগল পরিবহনের বেনাপোল কাউন্টারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শনিবার দুপুরে ভারত থেকে দেশে ফিরেছেন কিন্তু হরতালের কারণে বাড়ি ফিরতে পারছেন না।
ঈগল পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক এম আর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার আবার বৈঠক হবে সেখান নতুন কোনো সিদ্ধান্ত না হলে রাতেও পরিবহন ছাড়ার সম্ভাবনা নেই।
বেনাপোল চেকপোস্ট শুল্ক বিভাগের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমির মামুন এবং বন্দরের সহকারী পরিচালক আব্দুল জলিলও জানান, স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থানার ওসি কামরুজ্জামান জানান, ভারত বাংলাদেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, হরতালে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ অন্যান্য কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
তবে গাড়ি না চলায় বন্দর থেকে কোনো মালামাল বাইরে যেতে পারছে না। ভিতরে পণ্য ওঠা-নামার কাজ চলছে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক থাকলেও হরতালের কারণে পণ্যবাহী শতাধিক ট্রাক আটকে রয়েছে।
দিনাজপুর প্রতিনিধি হিলি ইমিগ্রেশান থানার ওসি নুরুল ফেরদৌসের বরাত দিয়ে চানান, শনিবার ভারত থেকে যেসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছিলো, সেসব ট্রাক পণ্য খালাস করে রোববার দুপরের মধ্যেই বন্দর ত্যাগ করেছে।
রোববার সকাল থেকেও পণ্যবাহী ট্রাকের যাতায়াত স্বাভাবিক ছিলো।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা শহিদুল ইসলামের বরাত দিয়ে জানান, যেহেতু পণ্যবাহী ট্রাক আগের দিন বন্দরে প্রবেশ করেছিলো ফলে মালামাল রপ্তানি কাজে কোনো বাধার সৃষ্টি হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24