ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীর অন্তর্ধাণের তদন্তে কোনো অগ্রগতি নেই বলে আদালতকে জানিয়েছে পুলিশ।
ইলিয়াস নিখোঁজ হওয়ার চার দিন পর রোববার ঢাকার মহানগর হাকিম মুনিরুজ্জামানের আদালতে দাখিল করা এক প্রতিবেদনে নিজেদের ব্যর্থতার কথা জানায় পুলিশ।
গত মঙ্গলবার রাতে ইলিয়াস নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী তাহসিনা রুশদী লুনা বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর পরিপ্রেক্ষিতে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তদন্তের অগ্রগতি জানাতে পুলিশকে নির্দেশ দেয় হাকিম আদালত।
ইলিয়াসের সন্ধানে শনিবার রাতে গাজীপুরের পূবাইলে চারটি বাড়িতে অভিযান চালায় পুলিশ, কিন্তু তাকে পাওয়া যায়নি।
র্যাবের বক্তব্য অনুযায়ী, ইলিয়াসের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বিএনপি নেতার স্ত্রীকে নিয়েই সেখানে অভিযান চালানো হয়।
তবে ইলিয়াসের স্ত্রী অভিযানে থাকার কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেননি।
মঙ্গলবার মধ্যরাত থেকে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস। রাত দেড়টার দিকে তার বাড়ির কাছে মহাখালী এলাকায় গাড়ি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি।
বিএনপি অভিযোগ করেছে, ইলিয়াসকে সরকার ‘গুম’ করেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘র্যাবের লোকরা’ ইলিয়াসকে ধরে নিয়ে গেছে।
তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিএনপি নেতাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইলিয়াস নিখোঁজের ঘটনাটি বিএনপির ‘নাটক’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪০০ ঘ.
bdnews24