২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দুর্ঘটনা: সাভারে এক জন নিহত

সাভারে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পিকেটারদের দেখে দ্রুত চলে যাওয়ার সময় তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 07:31 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সাভার, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পিকেটারদের দেখে দ্রুত চলে যাওয়ার সময় তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। রোববার বিএনপির ডাকা দিনব্যাপী হরতালে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা সড়কে রাজফুলবাড়িয়া এলাকায় দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৩৮)। রংপুর জেলার পীরগঞ্জ থানার তেহাড়ী এলাকার রশিদ সাভার পৌর এলাকার গেণ্ডা মহল্লায় ভাড়া থাকতেন। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রশিদ তার নিজস্ব প্রাইভেটকার চালিয়ে সাভারে আসছিল। রাজফুলবাড়িয়ার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে গাছের সঙ্গে এর ধাক্কা লাগে। গাড়ির সামনের অংশ চুরমার হয়ে ঘটনাস্থলেই রশিদ নিহত হন বলে ওসি জানান। খবর পেয়ে পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানিয়েছেন, হরতালকারীদের রাজপথে নামতে দেখে রশিদ দ্রুত পালানোর সময় দুর্ঘটনায় পড়েন। এ বিষয়ে ওসি আসাদুজ্জামান বলেন, “এ কথা আমিও শুনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে কোনো পিকেটারকে পাইনি।” এদিকে মাগুরা-যশোর সড়কের জাগলা চারাবটতলা এলাকায় সকালে নসিমন উল্টে রশিদুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মাগুরা প্রতিনিধি জানিয়েছেন। রশিদুল ঝিনাইদহ জেলার পানামী গ্রামের নূর আলীর ছেলে। নিহতের স্বজন মানিক হোসেন সাংবাদিকদের বলেন, বিদেশ যাওয়ার জন্য রশিদুল পাসপোর্ট করতে যশোর যাচ্ছিলেন। হরতালের কারণে বাস বন্ধ থাকায় বিকল্প হিসেবে তারা কয়েকজন মিলে একটি নসিমনে ভাড়া করেন। জাগলা চারা বটতলায় স্পিড ব্রেকার পার হওয়ার সময় নসিমনটি উল্টে যায় বলে মানিক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.