নেত্রকোনা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে নেত্রকোনা জেলা বিএনপি কার্যালয়ে কোনো নেতা-কর্মী না থাকলেও সেখানে পুলিশের অবস্থান রয়েছে।
এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার সারাদেশে ডাকা এই হরতালের শুরু থেকেই বিএনপির কার্যালয় তালাবদ্ধ দেখা যায়। সেখানে গিয়ে দেখা যায়, চেয়ার নিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছেন। তাদের মধ্যে মহিলা পুলিশও রয়েছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমানে কারাবন্দি লুৎফুজ্জামান বাবরের জেলায় ঢিলেঢালাভাবে হরতাল চলছে। দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও শহরে রিকশা ও অটোরিকশা চলছে। অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।
শহরের বিভিন্ন মোড়ে ব্যাপক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়, যদিও কোনো ধরনের পিকেটিং চোখে পড়েনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার সাংবাদিকদের বলেন, পুলিশের তাদের রাজপথে নামতে দিচ্ছে না।
তবে বিএনপি নেতার অভিযোগ প্রত্যাখ্যান করে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, পুলিশ শান্তিপূর্ণ কোনো তৎপরতায় কাউকে বাধা দিচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩০০ ঘ.
bdnews24