রাজশাহী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশের লাঠিপেটায় মহানগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে চারজনকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার সকাল সোয়া ৬টার দিকে মিনুর নেতৃত্বে নগরীর রাজারহাতা এলাকা থেকে একটি মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি মালোপাড়া পার হয়ে জিরো পয়েন্টের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ।
এতে আহত হন মিনুসহ বেশ কয়েকজন। এরপরই পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাধে। নেতাকর্মীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সংঘর্ষ একপর্যায়ে বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে পড়ে। সকাল ৭টার দিকে হরতালকারীরা পিছু হটে যায়।
পুলিশ কর্মকর্তারা দাবি করেছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার দেশব্যাপী এই হরতাল ডেকেছে বিএনপি।
হরতালকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব।
সকালে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে। বেশ কিছু বাস-ট্রাকও চলাচল করেছে।
নগরীতে অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৩৩ ঘ.
bdnews24