২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মিছিলে পুলিশের লাঠিপেটা

নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 03:53 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা রোববার সকালে শহরের কয়েকটি পয়েন্টে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে রোববার দেশব্যাপী এই হরতাল ডেকেছে বিএনপি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৮টার দিকে মাসদাইর এলাকা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল জেলা বিএনপি কার্যালয়ের যাওয়ার সময় দুই নম্বর রেলগেইট এলাকায় পুলিশ বাধা দেয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে যেতে চাইলে পুলিশ লাঠি চালায়। পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বেপরোয়া লাঠির্চাজ করেছে। এতে ১০ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে। ভেতরে রয়েছেন দলের নেতারা। এদিকে হরতালের মধ্যেও নগরীতে অল্প সংখ্যক বাস, রিকশা চলাচল করছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩৯ ঘ.