নরসিংদী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে মাটি খুঁড়ে কয়েকটি বোমা ও রাইফেলের শতাধিক গুলি উদ্ধার করেছে পুলিশ।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন জানান, মাহমুদাবাদ গ্রামের প্রয়াত জাহাঙ্গীর মিয়ার ছেলে আল আমিন মিয়ার বাড়ির ভিটা থেকে এগুলো উদ্ধার করা হয়।
এরমধ্যে রয়েছে ১১টি বোমা, থ্রি নট থ্রি রাইফেলের ৯০টি ও রিভলবারের ৩৫টি গুলি।
ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল আমিন মিয়া বসতঘর অন্যত্র স্থানান্তরের জন্য ভিটা কেটে মাটি সরানোর সময় বোমা ও গুলিগুলো পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশ ও র্যাবকে জানানো হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় গোলাবারুদগুলো কেউ এখানে পুঁতে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০৫২ ঘ.
bdnews24