ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার মন্ত্রীর আশ্বাসের পরও সভা ডাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকার সামনে বিক্ষোভ করেছে বিমানের কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার সন্ধ্যায় ‘বিমান বাঁচাও ঐক্য পরিষদ’ ব্যানারে দুই শতাধিক বিমানকর্মী এতে অংশ নেন। উদ্ভূত পরিস্থিতিতে বলাকা ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঐক্য পরিষদের প্রচার ও দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপরও সন্ধ্যায় পরিচালনা পরিষদ সভা ডেকেছে। আমরা এই সভার প্রতিবাদে বিকাল ৪টা থেকে মুখে কালে কাপড় বেঁধে প্রায় দেড় ঘণ্টা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করি।”
বলাকা ভবনের সামনে অবস্থানরত বিমানের নিরাপত্তা কর্মকর্তা সামসুল আজাদ সন্ধ্যায় জানান, সভায় অংশ নেওয়ার জন্য বলাকা ভবনে পরিচালনা পর্ষদের সব সদস্য সন্ধ্যা ৬টার আগেই বলাকায় পৌঁছান।
ঐক্য পরিষদ শন্তিপূর্ণভাবে বলাকা ভবন এলাকায় ঢোকার মুখে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন শেষে সন্ধ্যা ৬টার পরে চলে গেছে বলে জানান বিমান বন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।
বিমানের বর্তমান পরিচালনা পরিষদকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ আখ্যায়িত করে গত ৩ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদত্যাগ ও পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবিতে ১৬ এপ্রিল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেয় কেবিন ক্রু ও কর্মকর্তা-কর্মচারীদের এই সংগঠন। ১০ এপ্রিল বিমানমন্ত্রী ফারুক খান পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এলএইচ/এএল/২১১৭ ঘ.
bdnews24