২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি, কৃষকদের বিক্ষোভ

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির প্রতিবাদে বরিশালের আগৈলঝারা উপজেলায় শুক্রবার বিক্ষোভ করেছে কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

বরিশাল, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির প্রতিবাদে বরিশালের আগৈলঝারা উপজেলায় শুক্রবার বিক্ষোভ করেছে কৃষকরা। এ সময় তারা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ, কীটনাশক ডিলারকে মারধর এবং তার মোটরসাইকেল ভাংচুর করেছে। স্থানীয় মাহাবুবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার বাকাল গ্রামের ২০টি ইরি বোরো ব্লকের কৃষক বাকাল হাটের ডিলার বিধান মণ্ডলের কাছ থেকে কীটনাশক কিনে জমিতে ব্যবহার করেন। তিনি বলেন, একটি কীটনাশকের মেয়াদ ছিল মে ২০১১ পর্যন্ত। কিন্তু ডিলার বিধান মণ্ডল ও সাব ডিলার বাবুলাল রাহা কলম দিয়ে ১১-এর স্থানে ১৪ লিখে বিক্রি করেন। এতে সব কৃষকের করা ইরি-বোরো ধান নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান। প্রত্যক্ষদর্শী ফেরদৌস মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষোভের কথা জানতে পেরে সকালে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ সরকার বাকাল হাটে গেলে বিক্ষুদ্ধ কৃষকরা তাকে অবরুদ্ধ করে রাখে। ওই সময় বিক্ষুদ্ধ কৃষকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাবু লাল রাহা দোকান বন্ধ করে পালিয়ে যান। ফেরদৌস মোল্লা আরো বলেন, ব্রজেন্দ্র নাথ সরকার ফোনে ডিলার বিধান মণ্ডলকে ঘটনাস্থলে ডেকে আনেন। তিনি মোটরসাইকেলে বাকাল হাটে পৌঁছামাত্র বিক্ষুদ্ধ কৃষকরা তাকে মারধর এবং তার মোটরসাইকেল ভাংচুর করে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘাস ফড়িং, পাতা মোড়ানো পোকা, চুঙ্গী পোকাসহ বিভিন্ন পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য সপসীন ঔষধের মেয়াদ না থাকায় কৃষকদের কোনো কাজে আসেনি। এতে ধান নষ্ট হয়ে গেছে। কৃষকদের দাবিমতো ডিলারশিপ বাতিলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার আশ্বাস পেয়ে কৃষকরা শান্ত হয়, বলেন ব্রজেন্দ্র নাথ সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৭ ঘ.