২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ: দুই মামলায় আসামি ৫ হাজার বিএনপিকর্মী

পুলিশের দায়ের করা মামলা দুটিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতির নামও এসেছে আসামির তালিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিয়াস আলীর ‘অন্তর্ধান’ নিয়ে রাজধানীর পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পল্টন থানায় দুটি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে। সন্ধ্যায় সংঘর্ষের পর বৃহস্পতিবার গভীর রাতে এই মামলা দুটি দায়ের করে পুলিশ। পল্টন থানার উপ পরিদর্শক শহিদল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলবদ্ধ হয়ে পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, হামলা ও ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। অন্যটি হয়েছে গাড়ি পোড়ানোর অভিযোগে।” পুলিশের ওপর হামলা ও বিস্ফোরণের মামলাটি দায়ের করেছেন ওই থানার উপ পরিদর্শক নাসির উদ্দিন। এতে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এবং স্বোচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন্নবী খান সোহেলসহ অজ্ঞাতপরিচয় ৪/৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আর গাড়ি পোড়ানোর ঘটনায় অপর মামলাটি করেছেন উপ পরিদর্শক মোহসীন উদ্দিন। যুবদল নেতা রফিকুল আলম মজনু, ছাত্রদলের হাবিবুর রহমান হাবিব, ইসহাক সরকারসহ ৪/৫ শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে এতে। তবে এ দুটি মামলায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে উপ পরিদর্শক শহিদুল্লাহ জানান। গত বুধবার রাত দেড়টার দিকে মহাখালীর আমতলী সংলগ্ন একটি গলিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় থেকেই ইলিয়াস ও তার গাড়ির চালক আনসার নিখোঁজ রয়েছে বলে পরিবারের অভিযোগ। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরাই সাবেক সাংসদ ইলিয়াসকে ‘গুম’ করেছে- এমন অভিযোগ এনে বৃহস্পতিবার বিকালে রাজধানীর পল্টনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশ নির্বিচারে লাঠিপেটা শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর এবং একটি বাসে আগুন দেওয়া হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রায় পৌনে এক ঘণ্টার সংঘর্ষে ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৫৪৫ ঘ.