মাগুরা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরে পুলিশের গুলিতে এক ‘ছিনতাইকারী’ নিহত হয়েছে বলে জানিয়েছে সদর থানা কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, নিহত বাশার বিশ্বাস (৩৮) মাগুরা পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’। তিনি শহরতলীর পারলা গ্রামের কামাল বিশ্বাসের ছেলে।
সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, শুক্রবার ভোর ৪টার দিকে শহরের সাতদোহা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধ ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোর ৪টার দিকে ঢাকা রোড এলাকায় এক ব্যক্তির মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাশারকে ধাওয়া করেন ওই এলাকায় টহলরত উপ-পরিদর্শক (এসআই) শেখ আসাজ্জামান। এক পর্যায়ে বাশার এসআই আসাদকে চাপাতির কোপ দিয়ে দৌঁড়ে পালায়। তাকে ধাওয়া করলে সাতদোহা রোডে ঢুকে আরো কয়েকজন সঙ্গী নিয়ে এসে আবারো আবার হামলা করে গুলি চালাতে শুরু করে সে।”
এ সময় আত্মরক্ষার্থে এসআই আসাদ ‘পাল্টা গুলি চালালে’ বাশার আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত বলে ঘোষণা করেন বলে ওসি জানান।
তিনি বলেন, বাশার একটি চরমপন্থী দলের সদস্য এবং মাগুরা পুলিশের তালিকার ১১ নম্বর আসামি।
“দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজীসহ নানা অপরাধে জড়িত থাকায় এলাকার লোকজন তাকে ‘বাশার ডাকাত’ বলে চেনে।”
অবশ্য নিহতের ভাই ফজলু বিশ্বাস দাবি করেছেন, ভোরে চাউলিয়া বাসস্ট্যান্ডে অটোরিকশা মেরামত করার সময় গুলিশের গুলিতে নিহত হন বাশার।
ফজলু বলেন, বাশারের নামে মামলা থাকায় পুলিশ দেখে ভয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশ তাকে গুলি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪৩৫ ঘ.
bdnews24