২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 06:37 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

বেনাপোল, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে পুটখালি সীমান্তে উদ্ধারকৃতরা হলেন- প্রতাব রায় (৪৩), সত্য রায় (৩৫), রবীন্দ্রনাথ (২৫), অঞ্জন রায় (৩৫), অনন্ত পাল (৪), উত্তম মন্ডল (২৭), কল্য¬ানী রানী (৩০), বিলকিস (২৫), সালাম (২২), লিপিকা রানী (২৫), মিতা রায় (২৭), জোসনা রায় (২২), রাজিব (২০), রোহিত রায় (৭) ও মৌ রায় (৫)। তাদের বাড়ি বরিশাল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। যশোর ২৬ ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্পের বিজিবি নায়েক সুবেদার হুমায়ুন হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তের চরের মাঠে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই পালিয়ে যায় উল্লেখ করে তিনি জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র তাদের ভারতে পাচার করছিল। বিলকিস সাংবাদিকদের জানান, পাচারকারীরা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মাথাপিছু মোটা অংকের টাকা নিয়ে ভালো কাজ দেওয়ার কথা বলে ভারতে নিয়ে যাচ্ছিল। “সীমান্তে একটি বাঁশবাগানে দালালরা আমাদের লুকিয়ে রাখলে বিজিবি সদ্যসরা টের পেয়ে আমাদের উদ্ধার করে।” উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে নায়েক সুবেদার হুমায়ুন হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০০২১ ঘ.