২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানির দণ্ড ২০ হাজার টাকা

ঝালকাঠীর কাঁঠালিয়ায় উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সালিশে এক যুবককে জরিমানা করেছেন এক ইউপি চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঝালকাঠী, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়ায় উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সালিশে এক যুবককে জরিমানা করেছেন এক ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন তার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বসে জরিমানার ২০ হাজার টাকা আদায় করে তা ছাত্রীর অভিভাবককে দেন। শ্লীলতাহানির শিকার ছাত্রীর পরিবারের সদস্যরা অর্থ পাওয়ার কথা স্বীকার করেছেন। কাঁঠালিয়া থানার ওসি আতাউর রহমানও এই ঘটনাটি নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান জাকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় বানাই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় পথে ভায়েলাবুনিয়া গ্রামের মোফাজ্জেল হাওলাদারের ছেলে সোহাগ (২৪) মেয়েটির শ্লীলতাহানি করে। “ছাত্রীটির চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে,” বলেন তিনি। এরপরই সালিশ বসিয়ে অর্থদণ্ড করা হয় সোহাগকে। বিচার করে অর্থদণ্ড ইউপি চেয়ারম্যান আইনত করতে পারেন কি না- জানতে চাইলে জাকির বলেন, থানার ওসি ও মেয়ের পরিবারের অনুরোধে তিনি এই সালিশ করেন। তবে ওসি আতাউর চেয়ারম্যানকে এ ধরনের কোনো পরামর্শ দেওয়ার কথা অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৫৫ ঘ.